চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন: পুলিশের শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান
- Update Time : ০৮:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / 110
ঢাকা: চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের উদ্দেশে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ জন পুলিশ সদস্যের আবেদন ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে জমা পড়েছে। এর মধ্যে কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন রয়েছেন।
তাদের আবেদনসমূহ পর্যালোচনা করতে ডিআইজির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করছে। এই তদন্তে দেখা হচ্ছে, তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা, নাকি ফৌজদারি, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন বা শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরিচ্যুত হয়েছেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অনেক আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল এবং প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে। তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। তবে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয় বলে জানানো হয়।
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ সদর দপ্তর।















