ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশের পাশে চীন, দিল ১৯ হাজার কিট
- Update Time : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 177
দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিল চীন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্তে প্রয়োজনীয় ১৯ হাজার কিট বাংলাদেশকে দিয়েছে চীনা সরকার। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এসব কিট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে চীনের পক্ষে কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
ড. লিউ ইউইন বলেন, “বাংলাদেশ সরকারের অনুরোধে আমরা এই কিট সরবরাহ করছি। ভবিষ্যতেও যেকোনো সংকটে চীন বাংলাদেশকে সহযোগিতা করবে। স্বাস্থ্য খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।”
তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে এবং চীন বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহী, যার কাজ ইতিমধ্যেই এগিয়ে চলছে।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “চীনের কাছে শুধু কিট নয়, গবেষণা ও কারিগরি ডিভাইস চাওয়া হয়েছে। কারণ, এসব ডিভাইস দিয়ে রোগ সঠিকভাবে শনাক্ত করা সম্ভব। চীনের অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
তিনি সাংবাদিকদের জানান, ডেঙ্গু রোধে সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের রেড জোন চিহ্নিত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি জনগণকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সচেতন থাকার আহ্বান জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। বিভিন্ন এলাকায় কিটসহ চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে চীনের এই সহায়তা বড় অবলম্বন হিসেবে বিবেচিত হচ্ছে।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সময়মতো চিকিৎসা নিন – জীবন বাঁচান।














