আন্তর্জাতিক জলসীমায় ‘ফ্রিডম ফ্লোটিলা’ জাহাজ দখল করলো ইসরায়েল
- Update Time : ০৯:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 151
ইসরায়েলি দখলদার বাহিনী একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তারা গাজা অভিমুখে সাহায্যবাহী ফ্রিডম ফ্লোটিলা জাহাজ ‘মাদলিন’ দখলে নিচ্ছে। আন্তর্জাতিক পানিসীমায় জাহাজটি ঘিরে ধরে হঠাৎ করে অভিযান চালিয়ে ইসরায়েলি নৌবাহিনী এটি দখল করে নেয়।
জাহাজটিতে থাকা সকল মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে, যদিও তা আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। জাহাজটি গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল বলে জানা গেছে।
এদিকে, মধ্য গাজার নেটজারিম চেকপয়েন্টের নিকট একটি তথাকথিত “ত্রাণ বিতরণ কেন্দ্রের” কাছে জড়ো হওয়া নিরীহ সাধারণ জনগণের ওপর ইসরায়েলি বিমান বাহিনীর বোমাবর্ষণ ও গুলিবর্ষণে অন্তত ২৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ হামলার ফলে ঘটনাস্থলে হুলস্থুল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৪,৯২৭ জন নিহত এবং ১,২৬,৬১৫ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
মানবাধিকার সংস্থাগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় চলমান হামলা এবং অবরোধের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি ও নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগের দাবি জানিয়েছে।
অবশ্য, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং গাজায় মানবিক সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।















